হোয়াটস অ্যাপ, ইমোতে করোনা চিকিৎসা সেবা চালু
করোনা বিষয়ে হোয়াটসঅ্যাপ ও ইমো’র মাধ্যমে ভিডিও কলে চিকিৎসা সেবা চালু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দেশের বিভিন্ন স্থান থেকে ১৫জন চিকিৎসক নিয়ে এই সেবা চালু করেছে ভয়েস অব হিউম্যানিটি নামের একটি বেসরকারি সংস্থা।
চট্টগ্রাম ভিত্তিক এই সংস্থার প্রতিষ্ঠাতা আবুল হাসান জানান, করোনা রোগীদের চীন, ইতালি ও জার্মানিসহ প্রায় দেশে প্রথমে অনলাইনে পরামর্শ ও চিকিৎসার দেওয়া হচ্ছে। সেই অনু প্রেরণা থেকে মানব বিপর্যয়ে একে অপরের পাশে থাকতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
এভাবে চিকিৎসা সেবা দিতে আগ্রহী ডাক্তারদের ভয়েস অব হিউম্যানিটি পরিবারে যুক্ত হওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি জানান, এই মাধ্যমে চিকিৎসা নিতে হলে প্রথমে সমস্যার কথা লেখে একটি মেসেজ দিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পরে ডাক্তারের পক্ষ থেকে কল যাবে।
জার্মান এই প্রবাসী বলেন, গত ২১ মার্চ থেকে সেবা দেয়া শুরুর পর থেকে অনেক কল আসছে। তবে নিয়ম মেনে কল না করায় এ পর্যন্ত ১৪ জনকে সেবা দেয়া হয়েছে।